Image description

আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ‘স্বৈরাচারকে পুনর্বাসনের’ চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি বলেন, গত ১৭ বছরে বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়নবঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করার পর একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব উদ্যোগ উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না।

 

মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।