Image description

জাতীয় সংসদ সদস‌্যরা সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরুতে স্পিকার এ সিদ্ধান্তের কথা জানান।

গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। তখন স্পিকার পরে সিদ্ধান্ত জানাবেন বলে সংসদকে জানিয়েছিলেন।

এরপর বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানান।

সিদ্ধান্ত জানানো সময় স্পিকার জানান, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) তে বলা আছে, ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।

স্পিকার বলেন, এ বিধিতে ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রিপোর্ট দেয়।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২৬ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে বিবেচিত ও গৃহীত হয় যার মধ্যে ২৬৭ এক বিধির উক্ত সংশোধনীতি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালী বিধির ২৬৭ উইথইন ব্র্যাকেট এক বিধি হইতে ঢুকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেই হেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

শীর্ষনিউজ