বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় এক ভয়াবহ ঘটনায় একটি ছাগলকে গিলে খাওয়ার চেষ্টা করেছে একটি বিশাল অজগর সাপ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সুন্দরবন সংলগ্ন ধানসাগর ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে ঢুকে পড়ে অজগরটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিকেলে তার ছাগলটিকে বাড়ির পাশের ঝোপে বেঁধে রাখেন। কিছু সময় পর ছাগলের অস্বাভাবিক চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি বড় অজগর ছাগলটিকে পেঁচিয়ে ধরে মুখের দিক থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে।
তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তখন অজগরটি ছাগলের শরীরের প্রায় অর্ধেক গিলে ফেলেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে মানুষের ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে সাপটি শিকার ছেড়ে দিয়ে ধীরগতিতে পাশের ভোলা নদী পার হয়ে আবার বনের দিকে চলে যায়।
স্থানীয়রা জানান, ঘটনাটি অনেকেই মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছাগলটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কলমতেজী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী মো. সুন্দর আলী জানান, খাবারের সন্ধানে বা পথ ভুল করে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানো উচিত। পাশাপাশি গৃহপালিত প্রাণী নিরাপদে রাখা এবং শিশুদের বনসংলগ্ন এলাকায় একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শীর্ষনিউজ