স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার পাইলটিং স্কিম চালুর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। দেশব্যাপী স্বাস্থ্যসেবা আরও সহজ ও জনবান্ধব করার পরিকল্পনা সরকারের।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০ লাখ টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ্-দ্বীন হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমার দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু আমি নীতিতে অটল থেকে তাদের লাইসেন্স বাতিল করেছি। অন্যদিকে জামায়াতের নেতারা আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ছয়টি শিশু মারা যাওয়ার পরও তারা আদ্-দ্বীনের পক্ষে কথা বলেন।
তিনি বললেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী প্রশাসন পরিচালনা করছে। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে।
সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলেও তিনি দাবি করেন। জানালেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে সব পর্যায়ে দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।