২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করার আগেই নিরাপত্তা ঘাটতি ও বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশনে নামার আগেই চুরি হয়েছে ইংলিশ ফুটবলারদের বুট ও গুরুত্বপূর্ণ সামগ্রী।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) ফ্লোরিডার প্রাক-ক্যাম্প ওয়েস্ট পাম বিচ থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ টুর্নামেন্ট বেসে মালামাল সরানোর সময় এই চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া মালামালের মধ্যে ইংল্যান্ড দলের তারকা খেলোয়াড়দের কাস্টমাইজড ম্যাচ বুট ও অফিশিয়াল ম্যাচ বলসহ অনুশীলনের সরঞ্জাম রয়েছে। এমনকি হ্যারি কেইন ও জুড বেলিংহামের বুটের সঙ্গে কোচিং স্টাফদের প্রযুক্তিগত বিশ্লেষণের সরঞ্জাম, ট্যাকটিক্যাল হোয়াইটবোর্ড ও মেডিকেল ম্যাসাজ টেবিলও চুরি গেছে।
গাড়ি থেকে জিনিসপত্র নামানোর সময় এই চুরি প্রথম নজরে আসে। কানসাস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে দুই সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চুরির বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বা ফিফা বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে এফএ কানসাস সিটির স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।
আগামী বুধবার (১৭ জুন) ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।