Image description

আগামী জুলাইয়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থী স্কুল ড্রেস পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে আগামী জুলাইয়ের মধ্যে দেশের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি বিদ্যালয়ে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করছে সরকার।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর পরিকল্পনায় শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে।

তিনি বলেন, ‘শিক্ষা মানেই সারা দিন বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়; শিক্ষা হতে হবে আনন্দময়। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে।’ এ ছাড়া দেশের বিপুল জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার কাজ চলছে এবং বিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, শত বছরের পুরোনো বিদ্যালয়গুলোকে জাতীয়করণের বিষয়ে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

গত বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, চলতি বছরের আগস্টের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচির পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই হবে।