Image description

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দিবালোকে মাকসুদুল চৌধুরী নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, কিলিং মিশনে অংশ নেয় ৬জন। এরমধ্যে ২ জনের হাতে পিস্তল ছিল। দুইজন মাথায় গুলি করেন।

 

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত মাকসুদুল চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা । তিনি রাঙ্গুনিয়ার বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাকসুদুল চৌধুরী। এসময় ৬ জনের একটি অস্ত্রধারী দল তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং দুজন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিস্তল হাতে একজন টিশার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, সিসিটিভিতে আমরা ৬ জনকে শনাক্ত করেছি। এরমধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে।