বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক যুবক।
শুক্রবার (১২ জুন) দুধ দিয়ে গোসল করে তার দল ছাড়ার ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী।
দলত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। পবিত্র জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে ওই দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম বলেন, শেখ তারেক আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না। তিনি দলকে ভালোবেসে আমাদের সঙ্গে চলাফেরা করতেন। পদ-পদবি না পাওয়ার কারণে ক্ষোভ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ব্যক্তিগত কারণে তিনি দল পরিবর্তন করেছেন বলে আমরা মনে করি।