Image description

রাঙামাটি থেকে দলবেঁধে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। উদ্দেশ্য প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের সঙ্গে সাক্ষাৎ করবেন তার ভূমি মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নেতাকর্মীদের অনেকেই চলে যান সম্প্রতি পদত্যাগ করা পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের বাসায়। সেখানে আয়োজন ছিল খাসি ও মুরগির খিচুড়ি।

আজ সোমবার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা খেলেন বিরিয়ানি, কাবাব, মুরগির মাংস। অর্থাৎ জেলার ৪১ নেতাকর্মীর ঢাকায় ‘বিনোদন সফর’।

গত শনিবার জেলা বিএনপির সেক্রেটারি মামুনুর রশীদ মামুনের ক্ষুদেবার্তা আর ফোনে দ্রুতই ঢাকামুখি হন নেতারা।

কথা ছিল সকাল দশটায় শুরু হবে নির্ধারিত মতবিনিময়সভা। সময়মতো ভূমি ভবনে হাজির রাঙামাটির জেলা, উপজেলা থেকে বিএনপির তৃণমূলের শীর্ষ নেতারা। কিন্তু প্রতিমন্ত্রীর অফিসিয়াল ব্যস্ততার কারণে মিটিং শুরু হয় তিনঘণ্টা পর। পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হলেন রাঙামাটি বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় মন্ত্রীর সামনে বক্তব্য রাখেন জেলা উপজেলার অধিকাংশ নেতা। নেতারা সংগঠনকে শক্তিশালী করতে তাদের মূল্যায়ন করা, নিয়মিত সাংগঠনিকসভা আয়োজনের ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও রেইনবো নেশন তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

রেইনবো নেশন বা রামধনু জাতি হলো এমন একটি বৈচিত্র্যময় সমাজ, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও সব মানুষ শান্তিতে এবং সমান অধিকারে বসবাস করে।
সভায় প্রতিমন্ত্রী মীর হেলাল আরো জানিয়েছেন, আজকের সভায় যোগ দেওয়ার জন্য দীপেন চাচাকে (দীপেন দেওয়ানকে) আমন্ত্রণ জানাতে আমি মামুন (জেলা বিএনপির সেক্রেটারি)কে পাঠিয়েছিলাম, তিনি আসেননি।

এই বিষয়ে দীপেন অনুসারি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো বললেন, ‘দাদার (দীপেন দেওয়ান) সঙ্গে অনেকে দেখা করেছেন। একসঙ্গে খিচুড়ি দিয়ে নাস্তা খেয়েছেন।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জানালেন, ‘দুপুরে সভাশেষে অংশগ্রহণকারী নেতাদের জন্য খাবারের আয়োজন করেছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী। খাবারের মেন্যুতে ছিল বিরিয়ানি, কাবাব, মুরগির রোস্ট, ডিম আর সবজি।’

দুপুরে প্রতিমন্ত্রীর সঙ্গে ভূমি ভবনে মতবিনিময়সভা শেষে লাঞ্চে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন নেতা। যাদের মধ্যে অন্তত ৩০ জন পদত্যাগী পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের সঙ্গে সকালের নাস্তা করেছেন পার্বত্য কমপ্লেক্সে।

সভায় অংশ নিতে বেশিরভাগ নেতাই রবিবার রাতের বাসে নিজ উদ্যোগে রাঙামাটি থেকে ঢাকায় রওয়ানা দেন। সভা শেষে সোমবার রাতের গাড়িতে আবার প্রায় সকলেই বাড়ি ফিরবেন।