Image description

আগামী রোববার (৭ জুন) তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

সফরের দ্বিতীয় দিন সোমবার (৮ জুন) মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বি-পক্ষীয় বৈঠক হবে।

 

রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

তারা মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

 

শনিবার (৬ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফর সম্পর্কে জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। আগামী ৮ জুন দুই মন্ত্রী বর্তমান দ্বি-পক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

 

 

জাতিসংঘে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। 

এই শীর্ষস্থানীয় বাংলাদেশি অতিথির কর্মসূচিতে ফেডারেশন কাউন্সিল, রোসাটম স্টেট কর্পোরেশন এবং আরও কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বি-পক্ষীয় বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। 

একইসঙ্গে মানব পাচারকারীরা রাশিয়ায় অনেক বাংলাদেশি যুবককে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বিপাকে ফেলেছে। এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হতে পারে।