Image description

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার বিবৃতিতে এনসিপি জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দেন।

এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এমপি, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।