নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্ব ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, আগাম তথ্যের ভিত্তিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরে কর্মসূচির পরবর্তী সময়ে রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন যুবলীগ ও ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন বলে দাবি পুলিশের।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শীর্ষনিউজ/