যুক্তি, তথ্য ও বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে যে কেউ সীমাহীন সমালোচনা করতে পারে, তবে ব্যক্তিগত গালাগালির কোনো অধিকার কারও নেই বলে মন্তব্য করছেনে সাংবাদিক আকবর হোসেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপন-এ তিনি এসব কথা বলেন।
আকবর হোসেন বলেন, আপনি আমার যত খুশি সমালোচনা করতে পারেন। সেটা যৌক্তিক হোক বা অযৌক্তিক, সমালোচনা তো সমালোচনাই। কিন্তু আপনি যদি গালাগালি করেন বা স্ল্যাং ব্যবহার করেন, তাহলে আমার আইনি প্রতিকার চাওয়ার অধিকার আছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শালীনতার সীমা অতিক্রম করেছেন। মত প্রকাশের স্বাধীনতা মানে কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার স্বাধীনতা নয়।
সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে আকবর হোসেন বলেন, কেউ হাতে করে স্বাধীনতা এনে দেবে না। ফ্রিডম অব এক্সপ্রেশন অর্জন করতে হয়, এর জন্য লড়াই করতে হয়।
তিনি আরও বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তারা নিজেদের পক্ষে পরিস্থিতি রাখতে চাইবে। তবে একজন ব্যক্তি বা সাংবাদিক নিজের সততা কতটা ধরে রাখতে পারছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।