Image description

খুলনা নগরীর সোনাডাঙ্গা কাঁচা বাজার সংলগ্ন ‘দারুণ আমান মহল্লার’ একটি ভাড়া বাসা থেকে এক নানী ও তার দুই নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি শামীম (১২) ও মোস্তাকিম (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেবি তার দুই নাতিকে নিয়ে ভাড়া বাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যাচ্ছিল না।

দুই দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। প্রথমে বেবি ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তারা অভিযোগ করেন, শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

শীর্ষনিউজ/