Image description

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শনিবার সকালে করা মেডিকেল টেস্টে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এই ইনজুরি ধরা পড়ে।

এই চোটের কারণে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো থেকে তো বটেই, এমনকি আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ মিশন শুরুর প্রথম ম্যাচটিতেও পারেদেসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সম্প্রতি কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ইউনিভার্সিদাদ ক্যাতোলিকার কাছে হেরে বোকা জুনিয়র্স টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ম্যাচটিতেই মূলত এই ইনজুরির কবলে পড়েন পারেদেস। পুরো ম্যাচ জুড়েই তাকে অস্বস্তি নিয়ে খেলতে দেখা যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোটের কথা স্বীকার করে পারেদেস বলেন, ‘আমি পুরো সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিংয়ের টানের সমস্যায় ভুগছিলাম। কিন্তু দলের এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমি কোনোভাবেই মিস করতে চাইনি। কোচ আমাকে সততার সাথে নিজের কন্ডিশন জানাতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছিলেন, কারণ সামনে অনেক বড় ম্যাচ (বিশ্বকাপ) রয়েছে। কিন্তু আবেগের কারণে আমি মাঠ ছাড়তে পারিনি।’

শুক্রবার প্রথমে এটিকে সাধারণ পেশির টান মনে করা হলেও শনিবার সকালে স্ক্যান রিপোর্টে পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।