প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দিয়েছে জামালপুর জেলা ছাত্রদলের নেতারা। আটক ওই যুবকের নাম মোহাম্মদ সাজন।
শনিবার (৩০ মে) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
এদিন বিকেলে জামালপুর পৌর শহরের তিরোথা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, আটক মোহাম্মদ সাজন ওই এলাকার অটোচালক আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএনপি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগ রয়েছে।
ছাত্রদলের নেতাদের দাবি, সাজনকে একাধিকবার এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করে নিয়মিত বিতর্কিত পোস্ট করে আসছিলেন। সর্বশেষ তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাকে ধরে আমরা নিজেরা মারধর না করে পুলিশের হাতে তুলে দিয়েছি। সাজনের সরাসরি এনসিপির শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ আছে।’
তিনি আরও বলেন, সাজন নিজের মুখে স্বীকার করেছে সে আগে শিবিরের বাঁশেরকেল্লা পেইজে পোস্ট করতো, পরবর্তীতে এনসিপির হয়ে নিয়মিত পোস্ট করতো। সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কার্ডের ছবি দিয়ে অশ্রাব্য, নোংরা এবং অশ্লীল কনটেন্ট পোস্ট করে।
এ বিষয়ে জামালপুর ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল এহসান বলেন, আটকের বিষয়ে আমি জানতে পেরেছি। কিন্তু ও (সাজন) আমাদের এনসিপির কেউ নয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আটক সাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।