গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিত্যক্ত টিনশেড ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিথিল (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের বিএনপি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিথিল নিজমাওনা গ্রামের প্রবাসী সোহাগের ছোট ছেলে এবং স্থানীয় হাসমত আলী প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, তার বাবা-মা উভয়েই লেবানন প্রবাসী। প্রায় দুই বছর আগে তারা বিদেশে চলে যাওয়ার পর থেকে মিথিল দাদা-দাদির কাছেই বেড়ে উঠছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিথিল স্থানীয় একটি মাদ্রাসার মাঠে খেলাধুলা করছিল। এ সময় মাঠের পাশের একটি পরিত্যক্ত টিনসেড ঘরে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই টিনসেড ঘরে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহত শিশুটির মা-বাবা প্রবাসে থাকায় স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।