লালমনিরহাটে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখায় (জিরো লাইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটি অপসারণ করতে বাধ্য হয়েছে বিএসএফ।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পাওয়া গেছে শুক্রবার বিকেলে জেলার দহগ্রাম সীমান্তেও বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
৫১ বিজিবি-রংপুর ব্যাটালিয়ন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫১ বিজিবির আওতাধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফ খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির নজরে আসে। বিজিবি সদস্যরা তীব্র আপত্তি জানান। বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। খুঁটি অপসারণের জন্য জোর দিলে বিএসএফ সদস্যরা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন। বসানো খুঁটি দ্রুত অপসারণ করে নেন তারা।
এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে। আমাদের কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।