বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম (৩৮)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।