বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্লেইন ইয়োগার্ট ব্র্যান্ডের শক্তি প্লাস দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কে উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি। ফর্টিফাইড টক দই ব্র্যান্ডের টক দইয়ে এসটিপিপি (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করা হলেও তা মোড়কে ঘোষণা করা হয়নি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এসটিপিপি প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ক্ষতিকর।
দই তৈরির মূল উপাদান দুধ ভ্রাম্যমাণ পরীক্ষাগারে যাচাই করে ‘টেট্রাসাইক্লিন’ ও ‘বিটা ল্যাকটাম’ ধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। এ বিষয়ে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা-পুলিশের একটি দল।