Image description

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার রাসমণি ঘাট এলাকায় দায়িত্ব পালনকালে ব্যাটারিচালিত রিকশা থেকে ফেলে দেওয়া পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস মারা গেছেন।

 

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আব্দুল কুদ্দুস (৫৫) নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। শুক্রবার (১৫ মে) আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত রিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

 

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে পাহাড়তলী থানার রাসমণি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করেন ট্রাফিক কনস্টেবল আব্দুল কুদ্দুস। পরে চালকের সহায়তায় রিকশাটি মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় চালক আবদুল জলিল হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, আহত পুলিশ সদস্য হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, অটোরিকশাচালকের ধাক্কায় আব্দুল কুদ্দুস মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ঘটনার দিনই পাহাড়তলী থানায় একটি মামলা করা হয় এবং স্থানীয়দের সহায়তায় চালক আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।