খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অ্যান্টিরেবিস ভ্যাকসিন বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হওয়ার ঘটনা সরেজমিনে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে ধমক দেন।
একই সঙ্গে রোগীদের জন্য নিম্নমানের খাবার পরিবেশন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। কুমড়া দিয়ে রান্না তরকারি মুখে নিয়ে তা মানসম্মত না হওয়ায় তিনি তা ফেলে দেন।
তখন হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?’
বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে খুলনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।
পরিদর্শনের সময় হাসপাতালের অ্যান্টিরেবিস ভ্যাকসিন কর্নারে গেলে ভুক্তভোগী রোগী ও স্বজনরা মন্ত্রীকে ঘিরে ধরেন। তারা অভিযোগ করে বলেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, ‘কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে?’ জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছে।’
ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সংগ্রহের জন্য তত্ত্বাবধায়কের পক্ষ থেকে প্রয়োজনীয় কোনো যোগাযোগ করা হয়নি। এতে আরও ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন। রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। খাবার নিয়ে ক্ষোভ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।