যশোরের স্কুল ফিডিং কর্মসূচির (মিড-ডে মিল) দুধের প্যাকেটে পাওয়া গেছে পোকা। কয়েকটি প্যাকেটের দুধের গন্ধ ছিল টক। অভয়নগরের বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা মিড-ডে মিলে মিলেছে এসব প্যাকেট।
ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
ওই স্কুলের প্রধান শিক্ষক সাবেরা খাতুন জানিয়েছেন, গত ৪ এপ্রিল ৪৫০ প্যাকেট (প্রতিটি ২০০ মিলিলিটারের) ‘ফার্ম ফ্রেশ’ দুধ সরবরাহ করে আকিজ ডেইরি লিমিটেড। সোমবার সেই দুধ শিশুদের দেওয়ার সময় ৩০টি প্যাকেটের দুধ পানের অযোগ্য বা নষ্ট বলে মনে হয়েছে। কারণ প্যাকেটগুলোতে পোকা ছিল। এ ছাড়া বিবর্ণ রঙ ও টক টক গন্ধও পাওয়া যাচ্ছিল।
বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে জানান তিনি। ‘মঙ্গলবার দুপুরে দুধ সরবরাহকারী ঠিকাদারের একজন প্রতিনিধি স্কুল থেকে নষ্ট দুধের প্যাকেটগুলো নিয়ে যান এবং নতুন ৩০ প্যাকেট দুধ পৌঁছে দেন’- বললেন সাবেরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান জানিয়েছেন, ওই স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে মঙ্গলবার দুপুরে লিখিত অভিযোগ জানান। সেটি পরে পাঠানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে।
আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ম্যানেজার আওয়াল হোসেনের দাবি, ‘দুধের প্যাকেট ফেটে গেলে একটু সমস্যা হতেই পারে।’ বিষয়টি জানার পর প্যাকেটগুলো বদলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শিশুদের জন্য সরবরাহ করা নষ্ট দুধের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আকিজ ডেইরি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে ‘কথা হয়েছে’ বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলমগীন হোসেন।
ওই স্কুলের অভিভাবকরা বলছেন, নষ্ট দুধে তাদের সন্তানদের অসুস্থ হওয়ার ঝুঁকি ছিল। এ ঘটনায় আকিজ ডেইরি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।