সুন্দরবনের পূর্বাঞ্চল এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে সুন্দরবনের পূর্বাঞ্চলে শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃতরা হলেন পাথরঘাটা উপজেলার রহিতা এলাকার ইয়াসিন, মাসুম, সেলিম, জাকির, হোসেন, তৌহিদ, ইয়াসিন, মাহবুব, হানিফ, হৃদয়, ইব্রাহিম ও সুমন।
জেলেদের যে স্থান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানকার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, ফুসফুসেরচর-সংলগ্ন সাগর মোহনায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ট্রলারে হামলা চালায়। তারা একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুদের সংখ্যা ছিল ১৫ থেকে ১৬ জন। তারা বিশেষ ধরনের পোশাক পরা ছিল। ভারী অস্ত্রে সজ্জিত অবস্থায় হামলা চালায়।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটার রহিতা ও তালতলী উপজেলার নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে বলে তারা খবর পেয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বনরক্ষীরা সুন্দরবনে অভিযান শুরু করেছেন। অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।