লক্ষ্মীপুরের কমলনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় যোগ দেওয়ায় হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) এ কে আজাদকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গত শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে বসে দলটির বেশ কিছু নেতাকর্মীকে নিয়ে গানের আড্ডায় যোগ দেন হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এ কে আজাদ। এসংক্রান্ত একটি ভিডিও শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এসআই আজাদকে গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির দুজন নেতা জানান, একজন পুলিশ অফিসার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দিনদুপুরে গানের আড্ডায় যোগ দিয়ে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন।
এসআই এ কে আজাদের দাবি, ওই দিন তিনি অফিশিয়াল কাজে লক্ষ্মীপুরে যান। সেখান থেকে এসে বিপ্লবের দোকানে কিছু সময় বসেছিলেন। তখন ওই দোকানে গানের আড্ডা চলছিল। তিনি একটি গানের কয়েকটি কলি তাদের সঙ্গে গেয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সার্বিক বিষয় বিবেচনা করে তাকে ক্লোজ করে লক্ষ্মীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’
শীর্ষনিউজ