কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার ঋণ পরিশোধে এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। অসুস্থ বাবার দায় নিজের কাঁধে নিয়ে তিনি অটোযোগে মাইকিং করে দেনা পরিশোধের প্রচারণা চালাচ্ছেন।
উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মারুফ হোসেন (৩৮) এই উদ্যোগ নিয়েছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন (৯০) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। বাবার জীবদ্দশাতেই তার সব ঋণ পরিশোধ করতে চান ছেলে।
শনিবার (১৬ মে) দিনভর উলিপুর শহরসহ আশপাশের এলাকায় মাইকিং করে মানুষের কাছে বাবার ঋণের বিষয়টি তুলে ধরেন মারুফ। তার এই মানবিক উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এমন দায়িত্ববোধ খুব কমই দেখা যায়। মারুফের সততা ও সাহস সত্যিই প্রশংসনীয়।
এ বিষয়ে মারুফ হোসেন জানান, গত সাত মাস ধরে তার বাবা মৃত্যুশয্যায় রয়েছেন। তিনি চান না তার বাবা ঋণ রেখে মারা যান। তিনি বিশ্বাস করেন, সন্তান হিসেবে বাবা-মায়ের দায় শোধ করা নৈতিক দায়িত্ব।
এ উদ্যোগের মাধ্যমে তিনি সমাজে দায়িত্ববোধ ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
শীর্ষনিউজ