Image description

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দূরত্ব ও ভুল বোঝাবুঝির অবসানে বৈঠক করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

রবিবার (১৭ মে) চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামিয়া বাবুনগর মাদরাসায় আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বৈঠকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে মামুনুল হকের দল অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষুব্ধ ছিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। ইতোপূর্বে সংগঠনের একাধিক নীতি-নির্ধারণী বৈঠকে তিনি জামায়াতের সঙ্গে এই জোটের বিষয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিলেন।

এমনকি জামায়াতের সঙ্গে জোটভুক্ত হওয়া হেফাজতের সঙ্গে থাকা দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি একটি উপ-কমিটিও গঠন করা হয়। এমন পরিস্থিতিতে আমিরের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে নিজের অবস্থান পরিষ্কার করতে বৈঠকে মিলিত হন মামুনুল হক।
 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল বলেন, হেফাজতে ইসলামে কোনো প্লাস-মাইনাস নেই, এসব কথা সম্পূর্ণ ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপচেষ্টা চালাচ্ছে।

 

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের ব্যাখ্যা দিয়ে মামুনুল হক বলেন, খেলাফত মজলিস একটি রাজনৈতিক দল, আর হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক কৌশল হিসেবে আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোট করেছি। সেটি সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য। কিন্তু আকিদার জায়গায় হেফাজত এক ও অভিন্ন।

এখানে কোনো আপস নেই।

 

হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীও সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে দেন। তিনি বলেন, হেফাজতে কোনো বিভেদ নেই। ইসলাম রক্ষার প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ আছি।

বৈঠকে নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতা উল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।