প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, গরিবের ব্যথা বোঝার চেষ্টা করেন, নইলে উড়ে যাবেন। ৫ আগস্ট জীবন দিয়ে আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র পাই নাই।
রোববার (১৭ মে) মিরপুরের শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে সাধুগুরু ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, আমরা রাষ্ট্রের কাছে কিছু চাচ্ছি না, আমি করে খেতে চাই। কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট বা লুটপাট করবেন না। এ ছাড়া এমন আইন করবেন না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে।
এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমাদের মনে অনেক ব্যথা আছে। তারেক রহমান আপনি দেশে ছিলেন না। আপনি ছিলেন লন্ডনে। আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। এ দেশের গরিব মানুষের ব্যথা বোঝার চেষ্টা করেন। নইলে উড়ে যাবেন। ৫ আগস্টে জীবন দিয়ে আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র পাই নাই।
তিনি আরও বলেন, আপনি এখানে আসার আগেই যখন আমরা ৫ আগস্টের গণঅভ্যুত্থান করেছি তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল। এসে প্রমাণ করতে চেয়েছিল যে, এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে এসিড মারছে। এইখানে তারা ঢুকতে চেয়েছিল। ভুলে যাবেন না। এখন তারা বলছে যে বাংলাদেশে মাজার ভাঙা হয়। এ রকম যারা ইসলামী সন্ত্রাস করে, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। কাশ্মীরে যে অধিকারটুকু পেয়েছে সেই অধিকারও তারা আপনাদেরকে দেবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।