ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের মারধর ও চার ঘণ্টা আটক রাখার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে। এ ঘটনায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়।
আজ সোমবার বিকাল ৩টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে ঘটে এ ঘটনা।
র্যাব জানিয়েছে, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে অভিযানে যাচ্ছিলেন র্যাব সিপিসি-১ এর চারজন সদস্য। পথে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক এলাকায় তাদের পথরোধ করে ডাকাত সফিক ও তার সহযোগীরা।
এ সময় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও আটক হন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেক।
র্যাব আরও জানায়, আটক তিন সদস্যকে বেধড়ক মারধর করে একটি বাড়িতে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র্যাব। উদ্ধার হওয়া র্যাব সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন ডাকাত সফিক। এর আগেও অন্তত দুবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা, চুরি, হামলা-ভাঙচুরসহ অন্তত ২৮টি মামলার আসামি তিনি।
র্যাব সিপিসি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’