নরসিংদীর মনোহরদী উপজেলায় রাস্তার নির্মাণকাজে অনিয়মসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েক দিন পর অভিযুক্ত যুবদল নেতা হামলার দায় স্বীকার করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে গত ৭ মে স্থানীয় একটি রাস্তার নির্মাণকাজে অনিয়ম নিয়ে ফেসবুকে সংবাদ প্রকাশ করেন সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সৌরভ। সংবাদ প্রকাশের পরই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে তিনি হামলার শিকার হন।
ঘটনার সঙ্গে জড়িত মনোহরদী যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ পরে হামলার দায় স্বীকার করে বলেন, ‘মিসটেকের কারণে’ এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন। ইউএনওর উপস্থিতিতেই একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলার পর সাংবাদিককে থানায় নিয়ে লিখিত জবানবন্দি নেওয়া হয় এবং তাকে চাঁদাবাজ, দোষী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিক যদি জনস্বার্থে সংবাদ প্রকাশ করে হামলা ও হয়রানির শিকার হন, তবে তা শুধু ব্যক্তির ওপর নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।
তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।