Image description

কুমিল্লায় দিনে-দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোর। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার (১১ মে) ওই ভিডিওটি ভাইরাল হয়। এর আগে গত রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্বপাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আটক মো. মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়েন জিহাদ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেণ্ডের ভিডিওতে দেখা যায়, ভবনটির বারান্দার গ্রিলে আটকে আছেন চোর জিহাদ। গ্রিলের ফাঁক থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন তিনি। এ দৃশ্য দেখছিল স্থানীয় এলাকার উৎসুক লোকজন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার- আমি বের হতে পারছি না। আমার একজন বাচ্চা আছে। একপর্যায়ে উপস্থিত লোকজন প্রায় আধাঘণ্টা পর ওই চোরকে গ্রিল থেকে টেনে বের করে।

পুলিশ জানায়, রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নীচতলায় বারান্দার গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করতে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে পড়ে। এ ঘটনায় এলাকায় হৈচৈ সৃষ্টি হলে লোকজন ভিড় করেন। পরে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে দীর্ঘক্ষণ চেষ্টার পর বের করা করে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নেওয়া হলে আদালত তার ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি গতকালের ছিল। ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।