জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপুর দেওয়া এক বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১১ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
গত ৯ মে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু মন্তব্য করেছিলেন, যারা জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে, তারা আল্লাহর সঙ্গে বেঈমানী করে। তার এই বক্তব্য জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে দেওয়া হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন অ্যাডভোকেট জুবায়ের।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, হুইপ অপুর এই বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি স্পষ্টভাবে জানান, জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে জান্নাতের টিকেট বিক্রির কথা বলেননি। এই অভিযোগকে তিনি ‘সর্বৈব মিথ্যা’ ও ‘বানোয়াট’ হিসেবে অভিহিত করেন।
অ্যাডভোকেট জুবায়ের তার বিবৃতিতে আরও বলেন, এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত এবং বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, সরকারি দলের নেতারা নিজেরাই বিভিন্ন সময়ে জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করে ধোঁকাবাজি করছেন।
জামায়াতের বিরুদ্ধে এ ধরনের অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানান তিনি।