গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ জোড়া (১২টি) বেঞ্চ বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সোবাহানের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া এবং দরপত্র না দিয়ে বেঞ্চ বিক্রির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানের দাবি, তিনি টাকা ছাড়াই বেঞ্চ দিয়েছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই কলেজের প্রধান শিক্ষক আব্দুস সোবহান সম্প্রতি জাথালিয়া শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিনের কাছে বেঞ্চগুলো বিক্রি করেন।
অভিযোগ রয়েছে, আব্দুস সোবহান ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের লেখাপড়ার মান কমে গেছে। এ কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
জাথালিয়া শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন বলেন, উপজেলার জাথালিয়া এলাকায় শিশু কানন স্কুল নামে একটি কেজি স্কুল খুলেছি।
বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুস সোবহান বলেন, হেলাল উদ্দিন একটি কেজি স্কুল খুলেছে। আমার কাছে কয়েকটি বেঞ্চ চেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান বলেন, একজন প্রধান শিক্ষকের বেঞ্চ বিক্রি বা অন্যত্র সরানোর কোনো সুযোগ নেই। আমি তদন্ত করে দেখব, সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে বেঞ্চ বিক্রি বা অন্যত্র দেওয়ার কোনো নিয়ম নেই।