Image description

আওয়ামী আমলে সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমানে এমন ঘটনা সরকার বসে বসে দেখবে না। তিনি বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর মতো পরিস্থিতি আর নেই।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি জানান, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় বিষয়ে স্পষ্টভাবে কথা বলবে এবং জাতীয় স্বার্থে অবস্থান নেবে। অতীতে সীমান্তে হত্যাকাণ্ড বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনাগুলো ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশ সরকার এখন কাঁটাতার ভয় পায় না। হাসিনা সরকারের আমলে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং সেই সরকার বসে বসে দেখেছে, এ সরকারের আমলে তা হবে না।

তবে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে সময় দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অভ্যন্তরীণ নির্বাচনকালীন রেটরিক এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ নতুন রাজ্য সরকারকে সময় দিবে।

তিস্তা ব্যারেজ এবং তিস্তা চুক্তি বিষয়ে হুমায়ুন কবির বলেন, চায়নার এক্সিম ব্যাংক তিস্তায় অর্থায়নের আগ্রহ দেখিছে। সব কিছু মিলিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। আর কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ায়, তিস্তা চুক্তির আলোচনা সহজ হতে পারে বলেও আশাবাদ জানান তিনি।

এ সময় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেও দেশটির সরকার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

শীর্ষনিউজ