Image description

নারায়ণগঞ্জ রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষকালে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মোমেন খাঁ (২৮) পেশায় ব্যবসায়ী। তিনি ওই এলাকার মোহাম্মদ নুরুল খাঁর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।

মোমেনকে হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী রিথী আক্তার বলেন, ‘দুপুরের দিকে বরুনা বড় মসজিদ এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মো. শফিক ও মাহিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আমার স্বামীর ওপর হামলা চালায়। তারা আমার স্বামীর ডান পায়ের উরুতে গুলি ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তিনি ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন ও বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

শীর্ষনিউজ