চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-এ নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ, চট্টগ্রাম’। একই সঙ্গে বর্তমান কমিশন বাতিল করে আগামী দুই মাসের মধ্যে নতুন কমিশন গঠন ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৬ মে) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিচ্ছে, যা সমিতির গণতান্ত্রিক পরিবেশকে ক্ষুণ্ণ করেছে।
লিখিত বক্তব্যে পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি প্রহসনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বর্তমান নির্বাচন কমিশন অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দুই মাসের মধ্যে নিরপেক্ষ কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা না করলে আইনজীবীরা কঠোর আন্দোলনে নামবেন।
ওই সংবাদ সম্মেলনে পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ও আইনজীবীরা উপস্থিত থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।