কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামের এক কৃষককে সাত টুকরো করে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড় ও ভয়ভীতি প্রদর্শনমূলক চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
বুধবার (৬ মে) সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের বাসিন্দা আবদুর রহমান একজন কৃষক।
খামের ভেতরে থাকা একটি সাদা কাগজে লেখা ছিল, ‘তোর কাফনের কাপড় রেডি। তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস। তুই এখন গ্যাংদের টার্গেট… সাত টুকরা হবি।” চিঠিতে আরো কিছু আরবি লেখা ও চিহ্ন ছিল।
আবদুর রহমান জানান, প্রেরকের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। তিনি বলেন, ‘আমার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা নেই। তবে দেড় বছর আগে আমার প্রবাসী ভাগ্নের স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়, যেখানে আমি সাক্ষী। চিঠিতে কোর্টের কথা উল্লেখ থাকায় ওই ঘটনার সঙ্গে জড়িত কেউ এ হুমকি দিতে পারে বলে সন্দেহ করছি।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।