বিগত অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। গণ অভ্যুত্থানে বর্তমান সরকার দল বিএনপির সংশ্লিষ্টতা খাটো করার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করতো বলেও দাবি তার।
আজ বুধাবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন সায়ের। পোস্টের সঙ্গে প্রমাণ হিসেবে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ প্রেসসচিব আজাদ মজুমদারের কথোপথনের একটি অডিও সংযুক্ত করেন।
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে দেশ-বিদেশের নানান মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দেওয়া হতো এবং বর্তমান সরকার দল বিএনপির গণ-অভ্যুত্থানে সংশ্লিষ্টতা খাটো করার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করতো। যার একটি প্রমাণ আজ তুলে ধরছি।
তিনি দাবি করেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন এবং সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদারের কথোপকথনের এই রেকর্ডটি ২০২৫ সালের ১৯ জুলাই ধারণ করা। তার ঠিক এক বছর আগে ২০২৪ সালের ১৯ জুলাই (গণ-অভ্যুথান চলাকালীন) তারিক চয়ন আন্তর্জাতিক এক মানবাধিকারকর্মীর কাছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের খবর এসএমএস-এর মাধ্যমে (তখন ইন্টারনেট বন্ধ ছিল) প্রেরণ করেছিলেন।
জুলকারনাইন সায়ের বলেন, আলাপের রেকর্ডটি হাতে আসার পর এ বিষয়ে তারিক চয়নের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে কিছু বলতে ইতস্তত বোধ করেন। তবে এক পর্যায়ে বিষয়টি স্বীকার করে জানান এটি-ই প্রথম নয়।
তারিক চয়ন জানান, আমির খসরুর সঙ্গে ওই ছবিটি ডিলিট না করার কারণে তাকে পরবর্তীতে বড় ধরনের মাশুল দিতে হয়েছিল।