Image description

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ঘাটতির লোকসান কমাতে বিদ্যুতের দাম ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ সংস্থাটি।

 

বুধবার (৬ মে) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সদস্য এশিয়া পোস্টকে বলেন, পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবি পাঠিয়েছে। কারিগরি কমিটি এই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

এর আগে শেষবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ দাম বেড়েছিল। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৬ দশমিক ৭০ টাকা থেকে ৩৪ পয়সা বেড়ে ৭ দশমিক ০৪ টাকা হয়েছিল।

 

নতুন এই প্রস্তাবে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়লে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা যোগ হবে।

 
 

 

ত্রয়োদশ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এ কারণে সরকারও দাম বাড়ানোর দিকেই হাঁটছে।

 

গত ৯ এপ্রিল বিদ্যুতের দাম পর্যালোচনা করে মূল্যবৃদ্ধির সুপারিশ করতে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছিল।