নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে নগরীর সড়কগুলোতে হকার উচ্ছেদে কাজ শুরু করেন সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারীরা। এ সময় নগরীর প্রেসক্লাবের সামনে হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সিটি করপোরেশন পাঁচ থেকে ছয়জন আহতের কথা বললেও দুই কর্মচারীর নাম জানা গেছে। তারা হলেন জাহাঙ্গীর এবং রুহুল। এ সময় তাদের কাছে থাকা মোবাইলফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে হকারদের বিরুদ্ধে।
তবে হামলাকারী হকারদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাদের কারও বক্তব্যও পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ বিষয়টি হকারদের অত্যান্ত বাড়াবাড়ি। তাদের পুর্নবাসনের ব্যাবস্থা করার জন্য আমরা চিন্তা করছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য্য না রাখে, সেটা আইনের পরিপন্থি। আজ যেটা করেছে, সেটা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।