কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।’
আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কিন্তু লক্ষ্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। আসলে জনকল্যাণের কোনো রাজনীতি নেই তাদের হাতে। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে এখন আমার পথ আটকানোর নোংরা খেলায় মেতে উঠেছে তারা।’
তিনি বলেছেন, ‘অতীতে যারা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন তারা কোণঠাসা। অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা।’
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির হামজা বলেছেন, ‘কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা যে বিশ্বাস নিয়ে আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করব ইনশাআল্লাহ।’
ফেসবুক পোস্টে কুষ্টিয়াবাসীকে যেকোনো ধরনের বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যের পথে অটল থাকার আহ্বাবান জানিয়েছেন আলোচিত এ সংসদ সদস্য। একইসঙ্গে কুষ্টিয়াকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।