Image description

নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনা পেয়ে তার মনোনয়ন গ্রহণ করে ইসি। যেকোনো সময় এই গেজেট প্রকাশ করা হবে।

 

রোববার (৪ মে) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘নুসরাত তাবাসসুমকে নির্বাচিত করে গেজেট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

 

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

 

এদিকে জামায়াত জোট মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে তিনি ইসিতে আপিল করেন। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন।

 

তবে তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

 

সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।

 

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল ও মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনের হওয়ায় তিনি রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন বলে জানান আইনজীবীরা।

 

আগামীকাল মঙ্গলবার অপর একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা জানি না উনি (মনিরা শারমিন) শুনানি করবেন কি না। আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, আমরা সেটা মেনে নেব।’

 

এর আগে গতকাল রোববার (৩ মে) রাতে সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র জোটের ১ জন শপথ নেন। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।