Image description

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষে ফলাফল গণনা চলছে। এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া এবং দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

 

সোমবার (৪ মে) সকালে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে আসে।

 

এদিকে জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০০টিতে এগিয়ে আছে বিজেপি।

 

স্থানীয় সূত্র জানায়, নদীয়ার নবদ্বীপ কেন্দ্র থেকে বিজেপি জয় লাভের পরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে দখল করা হয় দলীয় কার্যালয়। এসব ঘটনায় অভিযোগের তির এখন বিজেপির দিকে। নবদ্বীপ কেন্দ্রে জয়লাভের পর এ রকমভাবে তাণ্ডব চালালেন বিজেপির কর্মী ও সমর্থকরা।

 

 

এদিকে আসানসোলের জামুরিয়াতে তৃণমূলের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আসানসোলে ভোট গণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতি হয়। ওই সময় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

পাশাপাশি কুচবিহারের দিনহাটাতে সংঘর্ষ হয়েছে। সেখানে ভোট গণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) লাঠিচার্জ করে।

 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার এসব ভাঙচুর অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে বলেছেন, এই ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্তকাজ চলছে।

 

আসামেও এগিয়ে বিজেপি

 

এদিকে আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গত ৯ এপ্রিল সেখানে নির্বাচন অুনষ্ঠিত হয়। সোমবার ভোট গণনায় দেখা যাচ্ছে, এনডিএ জোট ১০১টি আসনে এগিয়ে আছে।

 

আসামে ১২৬টি আসনে ভোট গ্রহণ হয়। সরকার গঠনের জন্য ৬৪টি আসনে জিততে হবে কোনো দল বা জোটকে। যা এনডিএ পেতে যাচ্ছে খুব সহজে।

 

এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ২১টি আসনে এগিয়ে আছে। দুটি আসনে এগিয়ে এআইইউডিএফ জোট। সর্বশেষ নির্বাচনে অন্যান্য দল চারটি আসন পেলেও এবার তারা খালি হাতে ঘরে ফিরবে।

 

বিশাল জয়ের মাধ্যমে আসামে আবারও এনডিএ সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন হিমান্ত বিশ্ব শর্মা।

 

সূত্র : দ্য পাইওনিয়ার