Image description

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মুচলেকা দিয়ে ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পান বিএনপি নেতা রেজাউল কাইয়ুম। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি । রোববার রাত ১২টার দিকে তিনি কোতোয়ালি মডেল থানা থেকে ছাড়া পান। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এর আগে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।

 

পুলিশ জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের জিম্মায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । বিএনপি নেতা রেজাউল কাইয়ুম বলেছেন শাসনগাছা বাস স্ট্যান্ডে কেউ চাঁদাবাজি করলে প্রশাসনকে সহায়তা করবেন ।

 

রোববার দুপুর ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

 

রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সকল রোডে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

 

এ সময় থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। রেজাউলের আটকের কারণ জানায়নি পুলিশ ।

 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায় নিয়ে আলোচনায় আসেন রেজাউল কাইয়ুম ও তার অনুসারীরা। একাধিক গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টেও রেজাউল কাইয়ুমের চাঁদাবাজির বিষয়টি সরকারের উচ্চ পর্যায় অবগত ছিল। সম্প্রতি পরিবহনসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির ঘটনায় নতুন করে তিনি আলোচনায় আসেন।

 

জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ‘সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ আসার পরই পুলিশ তাকে আটক করেছিল।

 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি।

 

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এমন একটা বিষয় আমি শুনেছি । কুমিল্লার একটি বাস স্ট্যান্ডসহ অন্যান্য যানবাহনের ইজারা নিয়েছিল । ইজারা থেকে সম্ভবত বেশি টাকা আদায় করেছিল ।