Image description

রাজধানীর মিরপুর মডেল থানায় করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ ​সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মিরপুর মডেল থানার বিপ্লব শেখ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর ইসলাম তাকে গ্রেপ্তার দেখান। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে রিমান্ড শুনানি শুরু হয়।

এসময় তার আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভুক্তভোগী বিপ্লব শেখ। এসময় আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ​এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানার মামলায় তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নিতে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে গত ৭ এপ্রিল মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় চার দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।