Image description

চাকরি থেকে অবসরের মেয়াদ শেষ না হওয়ায় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছিল ইসি। এবার এই বাতিলের বৈধতা নিয়ে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

 

সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।

 

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল ও মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনের হওয়ায় তিনি রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন বলে জানান আইনজীবীরা।

 

রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু জানান, রিট আবেদনটি আগামীকাল বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

 

এর আগে গত ২৩ এপ্রিল মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।

 

২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে যোগ দেন। দুই বছর পর গত বছরের ডিসেম্বরে চাকরি থেকে অবসর নেন।