চাঁদপুরের কচুয়ায় উদ্বোধনের আগেই ধসে যাচ্ছে মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের সেতুর অ্যাপ্রোচ। একই সঙ্গে নির্মাণাধীন আরসিসি গার্ডার নান্দনিক সেতুর দুপাশের গার্ডওয়াল ও সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় পুরো সেতু এখন ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের জন্য ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকাসীকে ভোগান্তি দিয়ে দীর্ঘদিন পর কাজ শেষ করেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড সন্স। সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কের কয়েক স্থানে বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম শিকদার, হযরত আলী, জিলানীসহ আরো অনেকে বলেন, ব্রিজ নির্মাণকাজের শুরু থেকেই শিডিউল-বহির্ভূতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে একাধিকবার অভিযোগ জানানোর পরও তিনি কোনো কর্ণপাত করেননি।
সর্বশেষ ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের সময় নিম্নমানের খোয়া, ইট দিয়ে ব্রিজের সঙ্গে অ্যাপ্রোচের স্লোপ না মিলিয়ে ব্রিজ ও রাস্তার পাশ থেকেই ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। তখনো উপজেলা প্রকৌশলীকে জানানো হয়। কিন্তু তিনি কোনো কর্ণপাত করেননি। তারা আরো বলেন, সেতু এখনো উদ্বোধন করা হয়নি। এর মধ্যে রাস্তা ধসে পড়া শুরু হয়েছে। বাকি দিন কী হবে? আমরা সেতুর ওই অনিয়ম মানতে রাজি না। আমরা এলজিইডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, ঠিকাদার এখনো পুরোপুরি বিল পাননি। কাজের গুণগত মান তদন্ত করে চূড়ান্ত বিল দেওয়া হবে।