শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, শ্রমিকদের ঘামেই দেশের উন্নয়ন সম্ভব। তাদের অধিকার নিশ্চিত করা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ও অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন সরকার প্রমুখ।