Image description

আজ মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্ত্বরে বক্তব্য দিচ্ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় শুরু হয় আসরের আজান। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে বসে পড়েন তিনি।

এদিকে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসরের আজান শুরু হওয়ায় বক্তৃতা বন্ধ করে দেন তিনিও।

সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায়। বিএনপির কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিছানো হয়েছে লাল কার্পেট।

ভোরের ভারী বৃষ্টিতে নয়াপল্টনের সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যাওয়ায় সমাবেশ আয়োজনের পথে আর কোনো বাধা থাকেনি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি জানান, ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল-গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন।