ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে ছাত্রীদের সামনে বিকৃত আচরণ করা যুবক মাহমুদুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিকেলে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মাহমুদুল হাসান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেঁটে আসছে। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে অশ্লীল আচরণ করেন। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কাটিয়ে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি তাদের পিছু নেন।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে এক ব্যক্তি দুই মেয়ে শিক্ষার্থীর সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা হয়। পরে বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকৃত আচরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি আমাদের নজরে এলে মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।